ইবোলা আতঙ্কে তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা
ইবোলা ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকাতে কঠোর সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ সাময়িকভাবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান–এর নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি এসব দেশ থেকে আগত ভ্রমণকারীদের নতুন ভিসা প্রদান ও সৌদিতে প্রবেশও আপাতত বন্ধ রাখা হয়েছে।
দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়াকায়া জানিয়েছে, সীমান্ত পেরিয়ে সংক্রামক রোগের বিস্তার রোধ এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি সংবাদ সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, শুধু সরাসরি নয়, অন্য কোনো দেশের মাধ্যমে (ট্রানজিট বা ভায়া) সৌদিতে প্রবেশের চেষ্টাকারীদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ কার্যকর হবে। এছাড়া সৌদিে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে ওই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন—এমন ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
এদিকে ইবোলা-আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিমানবন্দর ও অন্যান্য প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তকরণ ব্যবস্থা এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা জোরদার করা হয়েছে।
ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
























