ইউক্রেনে আটক দুই বাংলাদেশির আকুতি—‘পরিবারের কাছে ফিরতে চাই’, সরকারের সহায়তা কামনা
ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে আটক রয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। তাঁদের নাম কামরুল হাসান ও শাহরিয়ার সুমন। জানা গেছে, প্রায় ৪৫ দিন আগে তাঁরা ইউক্রেনীয় বাহিনীর হেফাজতে যান। বর্তমানে দেশে ফিরে পরিবারের কাছে ফেরার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছেন।
সম্প্রতি ইউক্রেনীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা বিষয়টি জানিয়ে বলেন, আটক দুই বাংলাদেশি রাশিয়ার ২৮৩তম মোটরাইজড রাইফেল রেজিমেন্টের অধীনে যুদ্ধক্ষেত্রে অ্যাসল্ট ট্রুপার হিসেবে কাজ করেছিলেন।
আটক দুই বাংলাদেশির ভাষ্য অনুযায়ী, চাকরির প্রলোভন ও প্রতারণার ফাঁদে পড়ে তাঁদের রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। যুদ্ধ চলাকালে সুযোগ পেয়ে তাঁরা সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে ইউক্রেনীয় সেনাবাহিনী তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিলেও, আটকের সময় তাঁদের কাছে কোনো পাসপোর্ট বা পরিচয়পত্র ছিল না।
বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর হেফাজতে থাকা এই দুই বাংলাদেশি দেশে ফিরে পরিবারের সঙ্গে পুনর্মিলিত হতে চান। তাঁরা বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় কূটনৈতিক সহায়তার আবেদন জানিয়েছেন।
এদিকে, বিষয়টি জানানো ইউক্রেনীয় সামরিক কর্মকর্তা মত দিয়েছেন যে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে, তাহলে এই দুই বাংলাদেশিসহ একই ধরনের পরিস্থিতিতে আটক থাকা আরও বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার পথ সহজ হতে পারে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
তথ্য : Zulkarnain Saer ফেইসবুক হতে সংগৃহিত


























