মুন্সীগঞ্জের গজারিয়ায় উন্নয়নের অগ্রযাত্রা: আধুনিক মার্কেট উদ্বোধন ও সড়ক-সেতু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় স্থানীয় অবকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অগ্রগতির কথা তুলে ধরেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শনিবার (২০ জুন) ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অবকাঠামো উন্নয়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে এলাকার সব রাস্তা ও সেতুর কাজ সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও দাবি করেন, বিএনপি সরকারের গত তিন মাসে যে উন্নয়ন কার্যক্রম হয়েছে, তা আওয়ামী লীগের ১৫ বছরে হয়নি—এমন নজিরবিহীন অগ্রগতি অর্জিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত দুই হাজার মিটার সড়কের পুনর্বাসন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থলও তিনি পরিদর্শন করেন।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি শেষ হয়, যেখানে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়


























