বিএনপিকে খুশি করতে নয়, সত্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করুন
যশোর, ২০ জুন : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিবাদী শাসনামলে অনেক সাংবাদিককে মিথ্যা সংবাদ লিখতে বাধ্য করা হয়েছিল। তবে বিএনপি কিংবা তাঁকে খুশি করার জন্য কোনো মিথ্যা সংবাদ প্রকাশের প্রয়োজন নেই। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্য যাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
শনিবার (২০ জুন) দুপুরে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হলো পরমতসহিষ্ণুতা। শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথকে আরও সুদৃঢ় করতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবার অতীতে গণমাধ্যমে সবচেয়ে বেশি অপপ্রচারের শিকার হয়েছেন। তবুও তারা প্রতিশোধপরায়ণ না হয়ে সহিষ্ণুতা ও গণতান্ত্রিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
যশোরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কারা মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, সে বিষয়ে সরাসরি নাম প্রকাশ করলে বিষয়টি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হতে পারে। তাই প্রশাসনের তথ্য-উপাত্ত ও গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।


























