কুষ্টিয়ায় ছয় হত্যার মামলা: হানিফসহ চার আসামির রায় আজ
জুলাই-আগস্টের আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির ভাগ্য নির্ধারণ হবে আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা করবেন।
মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চার আসামিই বর্তমানে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে রাজনৈতিক নির্দেশনা, উসকানি ও পরিকল্পিত পদক্ষেপের অভিযোগে এ মামলার বিচার হয়। কুষ্টিয়ায় ছয়জন আন্দোলনকারীকে হত্যার ঘটনায় আসামিদের সংশ্লিষ্টতা প্রমাণে টেলিফোন কথোপকথনের অডিও, বিভিন্ন নথি ও সাক্ষ্যপ্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলন দমনে উসকানিমূলক রাজনৈতিক অবস্থানকে সমর্থন, ২৯ জুলাই কুষ্টিয়ায় বৈঠকের মাধ্যমে হত্যার নির্দেশ ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এবং ছয় আন্দোলনকারীকে হত্যার দায়।
প্রসিকিউশনের দাবি, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে তারা সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন। তবে আসামিদের অপরাধ ও দায় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল।
তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছেছে। আলোচিত এ মামলার রায় ঘিরে সংশ্লিষ্ট মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
























