অর্থ লুটপাট করে বিদেশে বিলাসী জীবন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা: রিজভী
নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন খাত থেকে অর্থ লুটপাট করে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তির দোসররা বিদেশে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, দেশের বাইরে অবস্থান করেও তারা বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, স্বৈরাচারী শাসনের সহযোগীরা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করে বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছেন।
আন্দোলন-সংগ্রামে নির্যাতন ও জুলুমের শিকার অসচ্ছল বিএনপি নেতাকর্মীদের সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে নগদ অর্থ, ঘর এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে এ সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের আর্থিক সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়।


























