বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখলবাজি করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান
বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস কিংবা অন্য কোনো অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
তিনি বলেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা কখনো ব্যক্তিস্বার্থে অন্যায়, চাঁদাবাজি বা দখলদারির মতো কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না। কেউ এসব অপরাধে যুক্ত হলে তাকে দলের প্রকৃত কর্মী হিসেবে বিবেচনা করা হবে না।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে যারা রাজনৈতিকভাবে কাজ করেছেন এবং করছেন, তারা নিজেদের স্বার্থে কোনো ধরনের অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রকৃত নেতাকর্মীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে বিএনপিকে সমালোচনার মুখে পড়তে হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। অপরাধের সঙ্গে জড়িত কাউকে রাজনৈতিক পরিচয়ের আড়ালে ছাড় না দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির প্রকৃত কর্মী কখনো চাঁদাবাজ, দখলবাজ বা সন্ত্রাসী হতে পারেন না—এমন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, কেউ এসব কর্মকাণ্ডে জড়ালে তার সঙ্গে দলের আদর্শ ও পরিচয়ের কোনো সম্পর্ক নেই।
দেশে অস্থিতিশীলতা তৈরি হলে এর সবচেয়ে বড় প্রভাব শ্রমজীবী মানুষের ওপর পড়বে বলেও সতর্ক করেন তিনি। তার মতে, বিশৃঙ্খলা বাড়লে শিল্প ও বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও সাধারণ মানুষের আয়-রোজগার ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ কারণে দেশের শান্তি, অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির এই নেতা।


























