‘কোনো হুমকি-ধমকিতে বিএনপি ভয় পায় না’: মীর শাহে আলম
বিএনপি কোনো ধরনের হুমকি, চাপ কিংবা চোখ রাঙানিতে ভয় পায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দীর্ঘ সময়ের নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা দিয়ে জনগণ থেকে দলটিকে বিচ্ছিন্ন করা যাবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার মোকামতলায় উপজেলা বিএনপি আয়োজিত মশাল মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, সন্ত্রাস ও বিশৃঙ্খলা তৈরির যেকোনো প্রচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। বিএনপি রাজনৈতিক ও সাংগঠনিকভাবে এসব অপতৎপরতার মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, লংমার্চের কথা বলা হলেও বাস্তবে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে রাজপথে শোডাউন করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এ কর্মসূচির তেমন কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, একদিকে দেশে জ্বালানি সংকটের কথা তুলে ধরে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করা হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির নামে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করা হচ্ছে। সংসদে এক ধরনের বক্তব্য এবং রাজপথে ভিন্ন ধরনের রাজনৈতিক অবস্থান নেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
একটি রাজনৈতিক জোটের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে মীর শাহে আলম অভিযোগ করেন, ১১টি দলের সমন্বয়ে একটি গুপ্ত সংগঠন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তার দাবি, এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপির সাংগঠনিক সক্ষমতা রয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই এসব প্রচেষ্টার রাজনৈতিক জবাব দেওয়া হবে।
মোকামতলা ও আশপাশের এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। অবকাঠামোসহ বিভিন্ন খাতে বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাবেশ শেষে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।


























