তরুণ নির্মাতা সজীবের আকস্মিক মৃত্যু
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সজীবের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
ফেসবুক পোস্টে মেহজাবিন লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারুফ হোসেন সজীব ভাইয়ের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু অনেকবার দেখা হয়েছে। আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন উনার সঙ্গে দেখা হলেই কত কিছু নিয়ে কথা হতো।’
সজীবের এই আকস্মিক মৃত্যুতে ছোটপর্দার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা আশিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেছেন, কিছুদিন আগেও হার্টের সমস্যা সমস্যায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফেরেন। এভাবে তরুণ বয়সে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না।
মঙ্গলবার সকাল ৭টার দিকে দেওয়া সেই পোস্টে আশিকুর আরও উল্লেখ করেন, মাত্র ৫ ঘণ্টা আগে সজীব অনলাইনে ছিলেন। আর দু ঘণ্টা আগে মারা গিয়েছেন।
সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফেসবুকে সজীবের একটি ছবি শেয়ার করে অপূর্ব লেখেন, ‘আমাদের সকলের প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
এই সময়ের নির্মাতাদের মধ্যে অন্যতম নাম ছিলেন মারুফ হোসেন সজীব। তিনি নিজেই নিজের নাটকের গল্প লিখতেন এবং পরিচালনা করতেন। চমৎকার নির্মাণশৈলী ও গল্প বলার ঢঙের জন্য কাজের স্বীকৃতি হিসেবে বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছিলেন তিনি।
মারুফ হোসেন সজীবের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ এবং ‘নুসাইবা’।

























