বেনজীরকে দেশে ফেরাতে কী উদ্যোগ, সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সরকারের নেওয়া পদক্ষেপ দ্রুত জাতীয় সংসদকে অবহিত করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে দুবাইয়ে বেনজীর কীভাবে জামিন পেয়েছেন, সেই বিষয়টিও সংসদকে জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা শেষে এ নির্দেশ দেন স্পিকার।
আলোচনা শেষে প্রস্তাবটি ভোটে তোলা হলে কণ্ঠভোটে তা পাস হয়। এরপর স্পিকার বলেন, বেনজীর আহমেদ কী প্রক্রিয়ায় দুবাইয়ে জামিন পেয়েছেন এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার কী ধরনের উদ্যোগ নিয়েছে—এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত সংসদকে অবহিত করতে হবে।
প্রস্তাব উত্থাপনকালে মীর আহমাদ বিন কাসেম বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান আইনগত প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন। এ সময় প্রস্তাবের ওপর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদসহ বিদেশে অবস্থান করা কোনো পলাতক আসামিকে আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকার কোনো ধরনের গাফিলতি করবে না। তার অবস্থান আনুষ্ঠানিকভাবে যাচাই, প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া, একাধিক পাসপোর্ট ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা এবং দেশে ও বিদেশে তার অবৈধ সম্পদের তথ্য শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট দেশের আইন ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে বেনজীরকে দেশে ফেরাতে আইনগত, কূটনৈতিক এবং আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী দুবাই সফর করেন। ওই সফরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। ইউএই কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যর্পণের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

























