জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু
কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, চার নারী একসঙ্গে ওই পুকুরে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে জুলিয়া ও রাবেয়া পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করলেও ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর পুকুরটির নিরাপত্তা নিয়ে পদক্ষেপ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইছ উদ্দীন জানান, জনসাধারণের প্রবেশ সীমিত করার বিষয়ে সোমবারই একটি নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুকুরে গোসল করা কিংবা পুকুরের ঘাটে প্রবেশ ও অবস্থান করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

























