ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ, ‘মেরে ফেলতে পারে’ শঙ্কা
ইতালির ভেনিসে অবস্থানরত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিকভাবে হামলা ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। একদল প্রবাসী বাংলাদেশি তার ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি। ঘটনাটির সঙ্গে ইতালিতে অবস্থানরত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার বর্ণনা দেন বাঁধন।
লাইভে বাঁধন জানান, ভেনিসে ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে সময় কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানে একদল প্রবাসী বাংলাদেশি এসে তাকে ঘিরে ধরেন এবং একপর্যায়ে শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় তার ভাইয়ের ছোট শিশুটিও আতঙ্কিত হয়ে পড়ে বলে জানান বাঁধন। তার ভাষ্য, হামলার পরিস্থিতিতে ভয়ে তার ভাতিজা চিৎকার করতে থাকে।
অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীরা একপর্যায়ে তার গায়ে হাত তোলেন এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন। এমনকি কানের কাছেও আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে অভিহিত করছিল। এর জবাবে তিনি জানান, জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়ার কারণে তিনি নিজেকে জুলাইযোদ্ধা মনে করেন।
অভিনেত্রীর দাবি, হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেয়। তারা তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করে এবং পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ ও লাইভ সম্প্রচার করছিল বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে বাঁধন বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তার মনে হয়েছিল, হামলাকারীরা তাকে হত্যা পর্যন্ত করতে পারে।
তবে একই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে বাঁধন বলেন, ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা সম্ভব নয়। ঘটনার পর তিনি নিরাপত্তা ও আইনি পদক্ষেপের বিষয়ে কী করেন, তা এখন দেখার বিষয়।






















