ফার্মগেটে প্রধানমন্ত্রীর গাড়ির কাছে মোটরসাইকেল নিয়ে যুবক, মিলেছে পরিচয়
ঢাকা: রাজধানীর ফার্মগেটে বিএনপির একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তা বলয়ের ভেতরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার অভিযোগে আটক যুবকের পরিচয় জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফার্মগেটের খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ওই যুবককে হেফাজতে নেন।
হেফাজতে নেওয়া যুবকের নাম মুবিন মাঝি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তা বেষ্টনীর কাছাকাছি চলে যান। একপর্যায়ে প্রধানমন্ত্রীর গাড়ির পাশে গিয়ে তাকে সালামও দেন মুবিন।
ঘটনার পরপরই পুলিশ তাকে সরিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তার পরিচয় ও অতীত কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
জানা গেছে, মুবিন মাঝির গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায়। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুবিন একসময় প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর ঢাকায় মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত হন। বর্তমানে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে রাজধানীতে বসবাস করছেন।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, হেফাজতে নেওয়া যুবকের পূর্ববর্তী অপরাধের তথ্য যাচাই করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটল এবং ওই যুবকের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


























