চ্যাটজিপিটিতে বড় প্রযুক্তিগত বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তি
বিশ্বজুড়ে হঠাৎ প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি। আকস্মিক এই বিভ্রাটে বিভিন্ন দেশের বিপুলসংখ্যক ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ ও স্বাভাবিকভাবে সেবা নিতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটিতে প্রবেশের পর কিছু ব্যবহারকারীর ডিভাইসে অস্বাভাবিকভাবে ফাইল ডাউনলোড হওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর পাশাপাশি অনেক ব্যবহারকারী চ্যাটবট ব্যবহার করতে না পারা কিংবা স্বাভাবিক সাড়া না পাওয়ার অভিযোগ জানিয়েছেন।
চ্যাটজিপিটির এই সাময়িক অচলাবস্থার প্রভাব পড়েছে দৈনন্দিন বিভিন্ন কাজেও। তথ্য খোঁজা, অফিসের কাজ, পড়াশোনা ও কনটেন্ট তৈরিসহ নানা কাজে যারা নিয়মিত এআই সেবাটির ওপর নির্ভর করেন, তারা হঠাৎ করেই বিড়ম্বনায় পড়েন।
চ্যাটজিপিটির পাশাপাশি OpenAI-এর প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত বিভিন্ন তৃতীয় পক্ষের ওয়েবসাইট ও অ্যাপেও এর প্রভাব পড়েছে বলে জানা গেছে। ফলে এআইনির্ভর এসব প্ল্যাটফর্মের কিছু কার্যক্রমও ব্যাহত হয়।
এদিকে চ্যাটজিপিটি ব্যবহারে আকস্মিক সমস্যার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে রসিকতা করে বলেছেন, চ্যাটজিপিটি বন্ধ থাকায় দ্রুত উত্তর বা তথ্য খুঁজে পেতে এখন আবার নিজেদের ‘মস্তিষ্কের’ ওপরই নির্ভর করতে হচ্ছে।
তবে বিশ্বজুড়ে সেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেলেও বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকে অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পেরেছেন। ফলে দেশের ব্যবহারকারীদের মধ্যে এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল বলে ধারণা করা হচ্ছে।

























