গ্রিসে এমপি জাহান্দার আলী জাহানকে সংবর্ধনা।
কামরুজ্জামান ভূঁইয়া ডালিম গ্ৰিস প্রতিনিধি:
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান ও তার পরিবারের গ্রিসে আগমন উপলক্ষে এথেন্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও মাদারীপুরবাসী অংশ নেন।
অনুষ্ঠানে প্রবাসীরা গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সংসদ সদস্য জাহান্দার আলী জাহানের কাছে তুলে ধরেন। এর মধ্যে গ্রিসে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের দাবিটি বিশেষ গুরুত্ব পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুক মিয়া। সঞ্চালনা করেন গ্রিস বিএনপির সদস্যসচিব আশারাফ উদ্দিন ঠাকুর টিপু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দোওয়ান, বাংলাদেশ কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, চেম্বার অফ কমার্সের সভাপতি আরিফুর রহমান সিরাজ,গ্রিস বিএনপির সাবেক অন্যতম উপদেষ্টা ইদ্রিস আলী আজিজ, নাজমুল হক, হাজী জসিম উদ্দিনসহ , হাজী মোক্তার হোসেন,ওসমান গনি কামাল, মিজান মুন্সী ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক মাদারীপুরবাসী ও গ্রিসপ্রবাসী বাংলাদেশিও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রিসে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস ও কর্মরত থাকলেও কনস্যুলারসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে তারা নানা সমস্যার মুখোমুখি হন। এসব সমস্যা সমাধানে গ্রিসে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপন জরুরি।
বক্তারা আরও বলেন, পূর্ণাঙ্গ দূতাবাস প্রতিষ্ঠিত হলে প্রবাসী বাংলাদেশিদের সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে ভোগান্তি কমবে এবং বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কূটনৈতিক ও প্রবাসীসেবা কার্যক্রম আরও শক্তিশালী হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তারা।
প্রবাসীদের উত্থাপিত বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। তিনি এসব বিষয় সংশ্লিষ্ট মহলে তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তারা মাদারীপুরের উন্নয়ন, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মাদারীপুরবাসী ও গ্রিসপ্রবাসী বাংলাদেশিরা সংসদ সদস্য জাহান্দার আলী জাহানের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।























