যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত
যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। গ্রেড-১ মর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে মোহাম্মদ আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার অব্যবহৃত অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং এ-সংক্রান্ত সুবিধা স্থগিত রাখার শর্ত দেওয়া হয়েছে।
চুক্তির মেয়াদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে মোহাম্মদ আব্দুল মুহিত কোনো ধরনের অন্য পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন না। পাশাপাশি সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গেও সংশ্লিষ্ট থাকার সুযোগ থাকবে না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারণ করা হবে।
আরও দুই প্রশাসনিক সিদ্ধান্ত
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য পদে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ৫(২) ধারা অনুযায়ী গ্রেড-২ মর্যাদায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে আরেক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।























