সুবিধাবঞ্চিত মানুষের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন, রাজধানীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
রাজধানীর ভাসানটেক, কড়াইল ও সাততলা বস্তি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ছানি শনাক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচারের ব্যবস্থাও রাখা হয়।
শনিবার (২২ আগস্ট) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। পরে তিনি ক্যাম্পটি ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
কর্মসূচিতে ভাসানটেক, কড়াইল ও সাততলা বস্তি এলাকার প্রায় এক হাজার নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা সরবরাহ করা হয়। পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করে যাদের অস্ত্রোপচার প্রয়োজন, তাদের বিনামূল্যে অপারেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়।
চিকিৎসা ক্যাম্পে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, আর্থিক সংকটের কারণে নিম্নআয়ের অনেক মানুষ প্রয়োজন থাকা সত্ত্বেও সময়মতো চক্ষু চিকিৎসা করাতে পারেন না। বিশেষ করে ছানি ও দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা মানুষের কাছে সহজে ও বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তাদের ভাষ্য, অর্থের অভাবে যেন কোনো মানুষ দৃষ্টিশক্তির প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এই মানবিক লক্ষ্য থেকেই কর্মসূচিটি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্যাম্পে আসা রোগী ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী।
























