২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫০
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৩০ জন ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনা বিভাগে ১৭৩ জন, বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ৯৬ জন, রাজশাহীতে ৫৭ জন, ময়মনসিংহে ৫৬ জন, রংপুরে ১৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে ২০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৭ হাজার ২২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৩৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯১২ জন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

























