সৌদি আরবে এম এ হান্নানকে গণসংবর্ধনা, প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি
সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং নিজ নিজ এলাকার প্রবাসীদের দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
ঐক্য পরিষদের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ হান্নান। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মনিরুজ্জামান তপন, আব্দুল্লাহ মহসিন, মোহাম্মদ আলী, শেখ রুবেল আহমেদ ও কাজী ফারহাদ।
বক্তারা বলেন, প্রবাসীরা সৌদি আরবের আইন মেনে চলার পাশাপাশি বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসীদের মূল্যায়নে বর্তমান সরকার প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তারা।
এ সময় বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং দেশের নিজ নিজ এলাকার প্রবাসীদের দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করার দাবি জানানো হয়।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এম এ হান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে অংশ নেওয়া নেতৃবৃন্দ।























