রোমে প্রবাসীদের উৎসবে জেমসের ঝড়, ‘আমিচি বাংলা ফেস্টিভ্যাল–সিজন টু’ ঘিরে ব্যাপক উচ্ছ্বাস
ইতালির রাজধানী রোমে আবারও বসতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক আয়োজন ‘আমিচি বাংলা ফেস্টিভ্যাল–সিজন টু’। ‘এবি জেন প্রেজেন্টস’-এর উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী ‘নগরবাউল’ জেমস।
আগামী রোববার অনুষ্ঠিতব্য এই কনসার্টকে ঘিরে ইতালিজুড়ে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা। দীর্ঘদিন পর প্রবাসের মাটিতে জেমসের সরাসরি পরিবেশনা উপভোগের সুযোগ পাচ্ছেন সংগীতপ্রেমীরা।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক হোসাইন আহমেদ মোয়াজ জানান, অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালির স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও বাংলা গানকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
আয়োজক সূত্রে জানা গেছে, রোম ছাড়াও মিলান, নেপলস ও ফ্লোরেন্সসহ ইতালির বিভিন্ন শহর থেকে দর্শকরা আগাম টিকেট সংগ্রহ করেছেন। এতে ধারণা করা হচ্ছে, এবারের আয়োজনেও থাকবে দর্শকদের উপচে পড়া উপস্থিতি।
কনসার্ট শেষে জেমস ইতালির আরও কয়েকটি শহরে পরিবেশনায় অংশ নিতে পারেন বলে আয়োজকরা ইঙ্গিত দিয়েছেন। ফলে ইতালিতে বসবাসরত বাংলা গানের ভক্তদের জন্য এটি হয়ে উঠতে পারে এক স্মরণীয় সাংস্কৃতিক সফর।
বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি জেমসের উপস্থিতিতে ‘আমিচি বাংলা ফেস্টিভ্যাল–সিজন টু’ প্রবাসী বাংলাদেশিদের জন্য কেবল একটি কনসার্ট নয়, বরং মাতৃভাষা ও সংস্কৃতির আবেগঘন এক মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।























