মদিনা থেকে আমেরিকার পথে কাফেলা—পুরনো জোট ভাঙার কারণ ব্যাখ্যা করলেন ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য থেকে সরে যাওয়ার আশঙ্কা থেকেই তারা একসময় রাজনৈতিক জোট থেকে বেরিয়ে আসেন।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, নির্বাচনের আগে কোরআনের পক্ষে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছিল এবং সেই উদ্যোগের নেতৃত্বে ছিলেন চরমোনাই পীর সাহেব। শুরুতে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার প্রত্যাশা থাকলেও পরে তারা লক্ষ্য করেন, জোটের রাজনৈতিক দিকনির্দেশনায় পরিবর্তন এসেছে। তার ভাষায়, কাফেলার গন্তব্য ইসলামী আদর্শ থেকে পশ্চিমা প্রভাবের দিকে সরে যাচ্ছে মনে হওয়ায় তারা সেই জোট থেকে সরে দাঁড়ান।
তিনি আরও বলেন, ক্ষমতা অর্জনের জন্য ইসলামী আদর্শ বিসর্জন দেওয়া তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রয়োজনে ক্ষমতা ত্যাগ করা যেতে পারে, কিন্তু ইসলামের মূলনীতি ত্যাগ করা যাবে না।
দুর্নীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, প্রচলিত ব্যবস্থায় ঘুষ ও দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তার মতে, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান আসবে না।
ফয়জুল করীম বলেন, ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, দরিদ্র মানুষের জীবনমান উন্নত হবে এবং নারীরা ন্যায্য অধিকার ও মর্যাদা লাভ করবে।
তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দাওয়াতি কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। এছাড়া বক্তব্য দেন জেলা শাখার সভাপতি এ টি এম গোলাম মোস্তফা বাবু, সেক্রেটারি মুহা. মাহমুদুর রহমান রিপন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।























