রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের চমক, ১১ দলীয় বৈঠকে আসছে বিরোধী জোটের প্রার্থীর নাম
রাজধানীর মগবাজারে শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের বৈঠক হয়। ছবি: সংগৃহীত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক বার্তা দিল বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বিরোধী জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিরোধী জোটের শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নিয়ে রোববার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আসন্ন বৈঠকে বিরোধী জোটের সম্ভাব্য একক প্রার্থীর নাম চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের দাবি, বিরোধী জোটের ভবিষ্যৎ কৌশল এবং চলমান রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের একক প্রার্থী দেওয়ার উদ্যোগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন নজর রোববারের ১১ দলীয় বৈঠকের দিকে, যেখানে বিরোধী শিবিরের পরবর্তী কৌশল ও সম্ভাব্য প্রার্থীর পরিচয় স্পষ্ট হতে পারে।






















