ক্যাম্পাসে সহিংসতা বরদাশত নয়, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ শিক্ষামন্ত্রীর
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাগুলোকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে এক অনলাইন গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী বলেন, সরকার এসব ঘটনার বিষয়ে অবগত রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করে সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়; প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ অন্তত পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, এসব ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষে লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে।
শিক্ষা সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, একটি ক্যাম্পাসের উত্তেজনা দ্রুত অন্য ক্যাম্পাসগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আরও বড় ধরনের সহিংসতার ঝুঁকি তৈরি হতে পারে বলেও মনে করছেন তারা।
এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছে মন্ত্রণালয়।

























