‘জিয়া ব্যবসা হলে জুলাই ব্যবসা কেন নয়’—ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপিকে কড়া বার্তা ডা. মাহমুদা মিতুর
ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির প্রতি তীব্র সমালোচনা ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, বিএনপি প্রায়ই এনসিপিকে উদ্দেশ করে ‘জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না’ বলে মন্তব্য করে। কিন্তু বিএনপি যদি দীর্ঘদিন ধরে ‘জিয়া ব্যবসা’ করতে পারে, তাহলে ‘জুলাই ব্যবসা’ নিয়ে প্রশ্ন তোলার যৌক্তিকতা কোথায়—এমন প্রশ্ন রাখেন তিনি।
শনিবার (১ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি আয়োজিত ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মাহমুদা মিতু অভিযোগ করেন, বিএনপি নিজেদের এমন অবস্থানে নিয়ে গেছে যেখানে নির্যাতিত মানুষের আস্থা তাদের ওপর আর নেই। তাঁর ভাষায়, ‘মজলুমরা সবসময় মজলুমের পক্ষেই দাঁড়ায়, জালিমের পক্ষে নয়।’
বিএনপির বর্তমান রাজনৈতিক আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যারা ১৭ বছর নিজেদের মজলুম হিসেবে উপস্থাপন করেছে, তারাই এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। সবচেয়ে বিস্ময়ের বিষয়, ছয় মাস ভালো থাকার অভিনয়ও তারা ধরে রাখতে পারেনি।’
জেলা এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রোকেয়া বেগম, ফরিদুল হক এবং মো. আতাউল্লাহ। অনুষ্ঠানে দলটির নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক সংস্কার এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
























