দক্ষিণখানে নারী চিকিৎসককে হত্যা: গ্রিল কেটে ঢুকে শ্বাসরোধের অভিযোগ, স্বর্ণ-টাকা লুটের দাবি
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে এক নারী চিকিৎসককে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সারা রোকসানা পিনু (৪২) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ভূইয়া বাড়ি এলাকার শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা ফ্ল্যাটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে পিনুকে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
নিহতের ছেলে জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। পরে ফিরে এসে গেস্ট রুমে মায়ের মরদেহ দেখতে পান। তার দাবি, বাসার গ্রিল কেটে ভেতরে ঢোকা হয়েছে এবং মায়ের কাছে থাকা স্বর্ণ ও টাকা খোয়া গেছে। তবে বাসার কিছু জিনিসপত্র এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে; পুলিশ আলামত সংগ্রহের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেগুলোতে হাত দেওয়া হবে না।
পুলিশ জানায়, ঘটনার সময় সারা রোকসানা বাসায় একাই ছিলেন। তার স্বামী অফিসে ছিলেন এবং মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিকাল ৩টার পর গ্রিল কেটে ফ্ল্যাটে প্রবেশ করা হয়। এরপর নারীকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং ঘরের কিছু মালামাল লুট করা হয়েছে।
দক্ষিণখান থানার এসআই হাবিব জানান, প্রতিদিন স্কুল ছুটির পর নিহত নারী নিজেই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতেন। কিন্তু সেদিন তিনি না যাওয়ায় মেয়েটি কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই বাসায় ফিরে আসে। বাসায় অস্বাভাবিক পরিস্থিতি দেখে সে আবার স্কুলে ফিরে শিক্ষকদের বিষয়টি জানায়। পরে শিক্ষক তার বাবাকে খবর দেন।
খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের স্বামী ও ছোট মেয়ে সেখানে উপস্থিত ছিলেন।
সারা রোকসানা পিনুর তিন সন্তান রয়েছে—দুই ছেলে ও এক মেয়ে। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।


























