রাইস কুকারে ভাত রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আফরোজা খাতুন ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তিনি রাইস কুকারে ভাত বসিয়ে পাশের কক্ষে যান। কিছু সময় পর রান্নাঘর থেকে পোড়া গন্ধ আসতে থাকলে তিনি দ্রুত সেখানে ফিরে যান। রাইস কুকারের ঢাকনা খোলার চেষ্টা করলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মেঝেতে পড়ে যান। এ সময় কুকারের গরম পানিও তার শরীরের ওপর পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, রাইস কুকারে ভাত রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।























