ভিডিও বিতর্কের পর ‘নিখোঁজ’ এমপি গাজী নজরুল, অবস্থান জানেন না স্বজন-দলও
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দল থেকে বহিষ্কারের পর তিনি কোথায় আছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন না তার স্বজন কিংবা দলীয় নেতারা।
গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়ের দাবি, ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই তিনি সব ধরনের যোগাযোগ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরাও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন স্বজন জানান, তারা বিভিন্নভাবে তার খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন, তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। দীর্ঘদিনের পরিচিত ব্যক্তিরাও তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন তিনি।
এদিকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, ঘটনার পর থেকে গাজী নজরুল ইসলামের সঙ্গে দলের কোনো যোগাযোগ হয়নি। তবে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি জানান, নজরুল কোথায় অবস্থান করছেন সে বিষয়ে দলের কাছেও কোনো নির্দিষ্ট তথ্য নেই। ধারণা করা হচ্ছে, তিনি নিজ উদ্যোগে কোথাও অবস্থান করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে দেখা যায়—এমন কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার প্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত শেষে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। বুধবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিষয়টি দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

























