প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, পেলেন সচিব পদমর্যাদা
নিজস্ব সংবাদ :
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার রাতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে রাশেদ খাঁনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে কার্যকর হবে—সেই সময় পর্যন্ত রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।
এছাড়া নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নিয়োগের বিষয়টি সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেন রাশেদ খাঁন। তিনি প্রজ্ঞাপনের একটি অনুলিপিও পোস্টে যুক্ত করেন।
ফেসবুক পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।
রাশেদ খাঁন আরও বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে পালন করতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন। নতুন দায়িত্ব পালনের এই যাত্রায় দেশবাসীর ভালোবাসা ও সমর্থনও প্রত্যাশা করেন তিনি।