উমরাহযাত্রীদের জন্য সুখবর: এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল সৌদি আরব
নিজস্ব সংবাদ :
দেশের পর্যটন ও ধর্মীয় ভ্রমণকে আরও সহজ ও গতিশীল করতে উমরাহ ভিসায় বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে উমরাহ ভিসার মেয়াদ হবে এক বছর (৩৬৫ দিন)। এই ভিসার মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
সোমবার সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। দেশটির ‘সৌদি ভিশন-২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে এই নতুন ভিসা ব্যবস্থা চালু করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক (Nusuk) থেকে একটি অনুমোদিত সার্ভিস প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের বেশি হতে পারবে না। পাশাপাশি সফরের আগে নুসুকের মাধ্যমে উমরাহর অনুমতিপত্র (Permit) সংগ্রহ করাও বাধ্যতামূলক।
বিশেষ করে যারা একই ভিসায় দ্বিতীয় বা পরবর্তীবার সৌদি আরবে যেতে চান, তাদের আগে থেকেই অবস্থানের সময় অনুযায়ী উমরাহ কোম্পানির সার্ভিস প্যাকেজ নিশ্চিত করতে হবে। এই শর্ত পূরণ না করলে সৌদি বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হতে পারে। এমনকি নির্দিষ্ট সময়ের জন্য দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।
তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত উমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। এ সময়ে এই ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করা যাবে না।
নতুন এই উদ্যোগের মাধ্যমে উমরাহ পালনকারীদের জন্য ভ্রমণ আরও নমনীয় হবে বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।