আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে নতুন কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশের
নিজস্ব সংবাদ :
বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি ভারত সরকারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় বিস মিলনায়তনে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক আসামি হওয়ায় প্রচলিত আইন, কূটনৈতিক প্রটোকল এবং বাংলাদেশ-ভারতের প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী বিচার সম্পন্ন করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও পৃথকভাবে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রত্যেক আসামির জন্য আলাদা চিঠি পাঠানোর নিয়ম অনুসরণ করা হচ্ছে।
এর আগে শেখ হাসিনাসহ কয়েকজন পলাতক আসামিকে প্রত্যর্পণের বিষয়ে ভারতকে অবহিত করা হয়েছিল। সাম্প্রতিক চিঠিটি বিশেষভাবে আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন প্রতিমন্ত্রী।
ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এখন ভারতের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে সরকার। তাঁর ভাষ্য, দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে ভারত প্রয়োজনীয় সহযোগিতা করবে—এমনটাই আশা বাংলাদেশের।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব পলাতক আসামির বিরুদ্ধে বিচার শেষ হয়েছে বা বিচারাধীন রয়েছে, তাঁদের দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী বিচার কার্যকর করতে কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত থাকবে।