বাংলাদেশের শ্রমখাতে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী আইএলও, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মহাপরিচালকের বৈঠক
নিজস্ব সংবাদ :
বাংলাদেশের শ্রমখাতের উন্নয়ন, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে দুই পক্ষ শ্রমখাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। তিনি আশা প্রকাশ করেন, এ দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ও আইএলওর মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
আলোচনায় দেশের শ্রমখাতে চলমান সংস্কার কার্যক্রম, শিশুশ্রম প্রতিরোধ, শ্রম আইন বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।
হুমায়ুন কবির বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় আইএলওর ধারাবাহিক সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে শ্রমখাতের আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান অনুসরণে সংস্থাটির কারিগরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
জবাবে গিলবার্ট এফ. হোংবো বাংলাদেশের শ্রমখাতে সাম্প্রতিক অগ্রগতি এবং শিশুশ্রম কমাতে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ খাতে আইএলওর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।