যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নুর মৃত্যুতে বিএনপির শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু আর নেই। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, জাকির হোসেন নান্নু জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। যুবদলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি দীর্ঘদিন আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।
মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নান্নু সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দল একজন অভিজ্ঞ ও দক্ষ সংগঠককে হারালো বলেও তিনি মন্তব্য করেন।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
এদিকে, পৃথক এক শোকবার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও জাকির হোসেন নান্নুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, নান্নু জাতীয়তাবাদী রাজনীতির একজন দৃঢ়চেতা কর্মী ও সাহসী সংগঠক ছিলেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার অবদান দলের নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে বিএনপি একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রুহুল কবির রিজভী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।






















