ইতালিতে কাগজপত্রহীন অভিবাসীদের জন্য সুখবর: স্যানাটোরিয়া আবেদন বাতিলে বদলে গেল নিয়ম
ইতালিতে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত হাজারো অভিবাসীর জন্য আশার বার্তা এসেছে। দেশটির সাংবিধানিক আদালত এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছেন, শুধু অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS)-এ প্রশাসনিক সিগন্যাল থাকলেই ২০২০ সালের স্যানাটোরিয়া (Sanatoria) বা ইমার্সিওন কর্মসূচির আবেদন আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, আবেদন যাচাইয়ের ক্ষেত্রে সবাইকে একইভাবে না দেখে প্রতিটি ব্যক্তির পরিস্থিতি আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র এসআইএসে প্রশাসনিক তথ্য থাকার ভিত্তিতে আবেদন নাকচ করার বিধান ইতালির সংবিধানে উল্লেখিত সমতা ও ন্যায়বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই রায়ের ফলে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বহু অভিবাসী নতুন করে আশার আলো দেখছেন। বিশেষ করে যাদের স্যানাটোরিয়া আবেদন অবৈধ প্রবেশ বা ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে আছে কিংবা বাতিল করা হয়েছিল, তাদের ক্ষেত্রে পুনর্বিবেচনার সুযোগ তৈরি হতে পারে।
এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনকারীর কর্মসংস্থান, ইতালিতে বাস্তব অবস্থান, সামাজিক সংযোগ এবং জননিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ, কোনো আবেদন শুধুমাত্র একটি প্রশাসনিক সিগন্যালের কারণে সরাসরি প্রত্যাখ্যান করা যাবে না।
তবে আদালত একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, এই রায় সবার জন্য প্রযোজ্য নয়। সন্ত্রাসবাদ, মাদক পাচার, সংঘবদ্ধ অপরাধ কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ক্ষেত্রে আগের আইনি বিধানই কার্যকর থাকবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।
অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, যেসব আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বা একই কারণে অতীতে বাতিল হয়েছে, তারা অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফাইল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন। আদালতের এই রায় অনেক অভিবাসীর জন্য ইতালিতে বৈধতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।


























