ভুল তথ্য ও এআই-নির্ভর ভুয়া কনটেন্টে সতর্ক থাকার আহ্বান তথ্য অধিদপ্তরের
নিজস্ব সংবাদ :
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অনির্ভরযোগ্য উৎস থেকে সংবাদ প্রকাশ না করার জন্য দেশের নিবন্ধিত গণমাধ্যমগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে তথ্য অধিদপ্তর। সংস্থাটি বলেছে, সাম্প্রতিক সময়ে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশের প্রবণতা বাড়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত তথ্য অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু সংবাদমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি এবং বিভ্রান্তিকর কনটেন্টের ভিত্তিতে সংবাদ প্রকাশের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এসব সংবাদ জনমনে বিভ্রান্তি তৈরি করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিরও পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য অনির্ভরযোগ্য প্ল্যাটফর্মকে তথ্যের প্রধান উৎস হিসেবে ব্যবহার করার ফলে অনেক গণমাধ্যম অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রচার করছে। এর ফলে অপতথ্য ও বিকৃত তথ্য মূলধারার সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ছে।
এ পরিস্থিতিতে প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ফ্যাক্ট-চেক সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছে তথ্য অধিদপ্তর। পাশাপাশি, নিবন্ধিত সব গণমাধ্যমকে বিদ্যমান নীতিমালা ও পেশাগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
তথ্য অধিদপ্তরের মতে, দায়িত্বশীল ও যাচাইকৃত সংবাদ পরিবেশনই গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থা অটুট রাখার অন্যতম প্রধান শর্ত।