দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার পর পরীক্ষা শেষ করে বিপুলসংখ্যক শিক্ষার্থী উত্তরা বিএনএস ভবনসংলগ্ন সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে মুহূর্তেই আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নেয় ট্রাফিক পুলিশ। যানজট কমাতে একটি লেন দিয়ে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
উত্তরা ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শাহজাহান হোসেন জানান, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিএনএস ভবন এলাকার সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হলেও ট্রাফিক পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে একটি লেন চালু রেখে যানবাহন চলাচলের চেষ্টা করছে।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর উত্তরাঞ্চলে যানবাহন চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।