৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, ফিতা কাটবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীতে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন থেকেই জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাদুঘরটি শুধু একটি স্থাপনা নয়, বরং জুলাইয়ের ঘটনাবলির স্মৃতি, ইতিহাস ও আত্মত্যাগের দলিল হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীরা এটি পরিদর্শনের সুযোগ পাবেন।
এর আগে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাদুঘরটি দ্রুত জনসাধারণের জন্য খুলে দেওয়ার আহ্বান জানান। সেই আহ্বানের প্রেক্ষিতে সরকার উদ্বোধনের তারিখ ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্টদের মতে, জাদুঘরটিতে জুলাইয়ের বিভিন্ন ঘটনার স্মারক, আলোকচিত্র, তথ্য-উপাত্ত এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা হয়েছে, যা দর্শনার্থীদের সেই সময়ের ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা দেবে।






















