তারেক রহমানের বরিশাল যাত্রায় মাদারীপুরে জনঢল, ভোর থেকেই মহাসড়কে শুভেচ্ছা জানাতে অপেক্ষা
মাদারীপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোরের আলো ফুটতেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ জড়ো হন। তাদের লক্ষ্য ছিল সড়কপথে বরিশালগামী প্রধানমন্ত্রীর গাড়িবহরকে শুভেচ্ছা জানানো।
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে পদ্মা সেতু অতিক্রম করে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। তার সফরকে ঘিরে মাদারীপুরের বিভিন্ন এলাকায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়। বিশেষ করে শিবচরের পাঁচ্চর গোলচত্বর এবং ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডে সকাল থেকেই নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ ছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে, ভাঙ্গা পর্যন্ত, সারিবদ্ধভাবে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা। অনেক সাধারণ মানুষও কৌতূহল ও আগ্রহ নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, শিবচর হয়ে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল সফরে যাওয়ায় এলাকায় ভিন্নমাত্রার উৎসাহ সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। ভালোবাসা ও শুভেচ্ছা জানাতেই তারা সকাল থেকেই মহাসড়কে অবস্থান নেন।
একই ধরনের অনুভূতি প্রকাশ করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রী শিবচর হয়ে বরিশাল যাবেন—এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। দলীয় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মহাসড়কে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানান।






















