জমির উদ্দিন সরকারের জানাজা ও দাফন কোথায় কখন
সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ রোববার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্বরে তাকে সমাহিত করা হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৭ বছর।
হাসপাতাল সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন ধরে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন।






















