আজ দুপুর ১২টায় প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, এসএমএস ও অনলাইনে জানবেন যেভাবে
কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। ফলাফল প্রকাশ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে ফল প্রকাশের নতুন সময়সূচি নিশ্চিত করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা অনলাইন এবং এসএমএস—উভয় মাধ্যমেই ফলাফল জানতে পারবেন।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর ফলাফল ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। এই সেবা টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংকসহ সব মোবাইল অপারেটর থেকেই ব্যবহার করা যাবে।
অনলাইনে যেভাবে দেখবেন ফলাফল
বিস্তারিত ফলাফল দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলা নির্বাচন করে ‘Submit’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।


























