‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু পরিবেশ মেলা-২০২৬
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান আয়োজকরা। এ উপলক্ষে পুরো সম্মেলন কেন্দ্রকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। উদ্বোধনী আয়োজনে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’। পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
এর আগে বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, রাজধানীতে মাসব্যাপী পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের ৭টি বিভাগীয় শহরে ১৫ দিন, ৫৬টি জেলা শহরে ৭ দিন এবং ২৯টি উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। এবারের বৃক্ষমেলায় থাকছে ১২০টি স্টল, যেখানে বিভিন্ন প্রজাতির গাছ, পরিবেশবান্ধব প্রযুক্তি ও সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শিত হবে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বন ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ‘স্মার্ট ফরেস্ট্রি’ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।






















