বিশ্বকাপের উন্মাদনায় নারায়ণগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ, ক্রীড়া ক্লাবগুলো পেল ১০০ বল ও জার্সি
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা আরও বাড়িয়ে তুলতে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ। একই সঙ্গে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের উন্নয়নে ১০০টি ফুটবল ও জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মাহমুদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান, নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. মজিবুর রহমানসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, খেলোয়াড় এবং স্থানীয় ১২টি ক্লাবের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং জেলার ক্রীড়াঙ্গনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রীতি ম্যাচ ও ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
























