মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ আটক ১
রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয়েছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)। হামলার পর পালানোর সময় স্থানীয়দের হাতে অস্ত্রসহ এক সন্দেহভাজন আটক হয়। এ ঘটনায় আরেক হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকায় নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সিজু ওই এলাকার বাসিন্দা। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি নিজের ভবনের দ্বিতীয় তলায় একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
ঘটনার সময় বাসার সামনে অবস্থান করছিলেন সিজু। হঠাৎ দুই থেকে চারজনের একটি দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীদের ছোড়া গুলিতে তার দুই পা ও কোমরে আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
এদিকে হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা শান্ত ভূঁইয়া (২৪) নামে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে মিরপুর থানা পুলিশ।
আহতের স্বজনরা জানিয়েছেন, কী কারণে এ হামলা হয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। তাদের দাবি, হামলার পেছনের কারণ সম্পর্কে পরিবারের কাছে এখনো কোনো স্পষ্ট তথ্য নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাইফুল ইসলামের দুই পা ও কোমরে গুলির আঘাত রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বের কোনো বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। হামলায় অন্তত দুইজন সরাসরি অংশ নিয়েছিল বলে তথ্য মিলেছে। একজন আটক হলেও অপরজন এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, আহত সাইফুল ইসলামের অস্ত্রোপচার করার প্রস্তুতি চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।


























