‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্যাপন কর্মসূচির আমন্ত্রণপত্র নিয়ে প্রশ্ন মাননীয় প্রধামন্ত্রীর
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে প্রশাসনিক কর্মকর্তাদের ভার্চুয়াল অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের পরিবর্তে নজরুল গবেষক, শিল্পী ও নজরুলপ্রেমীদের সম্পৃক্ত করাই বেশি যৌক্তিক।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, আমন্ত্রণপত্রে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে। তাঁর মতে, সেখানে যদি বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নজরুল গবেষক, নজরুল শিল্পী এবং নজরুলপ্রেমীদের অংশগ্রহণের কথা লেখা থাকত, তাহলে সেটিই অনুষ্ঠানের উদ্দেশ্যের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হতো।
নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ দিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যদি প্রশাসনিক কর্মকর্তাদের পরিবর্তে নজরুল গবেষক বা শিল্পীদের ভার্চুয়ালি যুক্ত থাকার কথা বলা হতো, তাহলে সেটি যেমন অপ্রাসঙ্গিক মনে হতো, তেমনি নজরুলকে নিয়ে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাদের প্রাধান্য দেওয়াও একইভাবে প্রশ্নের জন্ম দেয়।
তারেক রহমান বলেন, প্রতিটি অনুষ্ঠানে সেই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ও যোগ্য ব্যক্তিদেরই সম্পৃক্ত করা উচিত। নজরুলকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে নজরুলচর্চার সঙ্গে যুক্ত গবেষক, শিল্পী ও অনুরাগীদের উপস্থিতি নিশ্চিত করা হলে সেটি আরও অর্থবহ ও প্রাসঙ্গিক হবে।
এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর স্মারক ডাকটিকিট এবং আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেন। তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে জাতীয় পর্যায়ে নজরুলচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সূচনা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নজরুল গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরাও অংশ নেন।

























