লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: প্রাণ গেল ১৪ শিশুর, আটক ভবনমালিক ও ঠিকাদার
পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। ছাদ ধসে আরও বেশ কয়েকজন শিশু আহত হয়েছে। দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই ৫ থেকে ১৬ বছর বয়সী। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অপারেশনস ফয়সাল কামরান জানান, সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। ঘটনার পর প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ভবনের মালিক ও নির্মাণকাজে যুক্ত ঠিকাদারকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, ভবনের একটি অংশে নির্মাণকাজ চলাকালীন সময়েই ছাদ ধসে পড়ে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, দুর্ঘটনার সময় দুটি কক্ষে শিশুরা পাঠ নিচ্ছিল। হঠাৎ ছাদ ভেঙে পড়ায় তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় অভিযান চালিয়ে আহতদের বের করে আনেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, টিআর গার্ডার দিয়ে নির্মিত ছাদের কাঠামোগত দুর্বলতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ভবনটিতে স্থানীয় এক নারী কোচিং সেন্টার পরিচালনা করতেন বলে জানিয়েছে লাহোর জেলা শিক্ষা কর্তৃপক্ষ।
এদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আহত শিশুদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই লাহোর জেনারেল হাসপাতালে জরুরি অবস্থা জারি করে চিকিৎসাসেবা জোরদার করা হয়।
























