দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) দুপুর ২টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির সূচনা করবেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসা মিলিয়ে ৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবারের কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা। প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বছরে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আরও সক্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথমে সোমবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেবেন।
এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরার সুযোগ পাবেন। ফলে কর্মসূচিটি শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি অংশগ্রহণমূলক জাতীয় সবুজায়ন উদ্যোগ হিসেবে পরিচালিত হবে।























