রোমে একই পরিবারের তিনজন হত্যা: বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইল ইতালির পুলিশ
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের স্বার্থে রোমের প্রসিকিউটরের অনুমোদনে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন। তার জন্ম ১৯৮৩ সালের ১০ মে বাংলাদেশে। ঘটনার পর থেকে তাকে খুঁজে বের করতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।
রোম পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের অবস্থান বা এ-সংক্রান্ত কোনো তথ্য কারও কাছে থাকলে তাৎক্ষণিকভাবে রোম পুলিশ সদর দপ্তরের মোবাইল টিমের +39 334 690 3295 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত রাতে রোমে একই পরিবারের তিনজনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
দ্রষ্টব্য: কোনো আদালতের রায় না হওয়া পর্যন্ত শাহাদাত হোসেনকে আইনগতভাবে সন্দেহভাজন হিসেবেই বিবেচনা করা হবে।

























