রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংস হত্যা, আহত আরেক সন্তান হাসপাতালে
ইতালির রাজধানী রোমের কর্নেলিয়া এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশি সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন পরিবারের কর্তা কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। পরিবারের আরেক সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, হাসপাতালে ভর্তি ওই কিশোরের এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
নিহত পরিবারটি রোমের পিনেতা সাকেত্তি এলাকায় বসবাস করতেন। ঘটনার পরপরই ইতালির পুলিশের বিশেষ তদন্ত ইউনিট স্কোয়াদ্রা মোবিলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একজন ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসাটি সিলগালা করার পাশাপাশি আশপাশের সড়কে সাময়িকভাবে জনসাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে ইতালির বৈজ্ঞানিক অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ও ফরেনসিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ইতালীয় পুলিশ জানিয়েছে।


























