জুলাই হত্যার বিচার ছাড়া ‘ফ্যাসিবাদী’ ব্যবস্থার বিলুপ্তি সম্ভব না: সংসদে শহীদ জাবিরের মা
জুলাই আন্দোলনে শহীদ জাবির ইব্রাহিমের মা ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রোকেয়া বেগম বলেছেন, জুলাই শহীদ পরিবারের সদস্য হিসেবে তার প্রধান চাওয়া সন্তানের হত্যার বিচার।
জুলাই আন্দোলনে সংগঠিত হত্যার দৃশ্যমান বিচার ছাড়া ‘ফ্যাসিবাদী ব্যবস্থার’ বিলুপ্তি সম্ভব নয় বলেও মত তার।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “একজন বাবা অথবা মা সব ধরনের সুযোগ-সুবিধার আগে যেটা চায়, সেটা হলো সন্তানের হত্যার বিচার। দৃশ্যমান বিচার ছাড়া কোনোভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়।
“জুলাই শহীদ পরিবারগুলোর প্রধান দাবি হল, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়মিতভাবে সংসদে জানানো।”
বাজেটে জুলাই শহীদ পরিবারের জন্য মাসিক ভাতা, আহত যোদ্ধাদের জন্য শ্রেণিভিত্তিক ভাতা এবং আবাসন সহায়তায় ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি স্মরণ করে রোকেয়া বলেন, এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও শহীদ পরিবারের সবচেয়ে বড় প্রত্যাশা বিচার।
তিনি বলেন, “গত ২১ জুন প্রশ্নোত্তরে আইনমন্ত্রী জানিয়েছিলেন, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮০টি মামলা হয়েছে। এর মধ্যে সাতটির রায় হয়েছে, ২২টির সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং ৫১টি মামলা তদন্তাধীন।
“প্রায় দুই বছরে সাতটি মামলার রায় হয়েছে। এ থেকেই বোঝা যায় বিচার প্রক্রিয়া কতটা ধীরগতির।”
এসব মামলায় ৪৬৩ আসামির মধ্যে ১৭৪ জন গ্রেপ্তার হলেও ২৮৮ জন এখনও পলাতক থাকায় তাদের গ্রেপ্তারের অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জুলাই শহীদদের স্বীকৃতির বিষয়েও প্রশ্ন তোলেন রোকেয়া বেগম। বলেন, “জুলাই বিপ্লবের শহীদের সংখ্যা হাজারেরও বেশি ছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত গেজেটভুক্ত করতে পেরেছি মাত্র ৮৩৪ জনকে। আরও প্রায় ৫০ জন শহীদের নাম এখনো তালিকাভুক্ত হয়নি।”
সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাকিদের গেজেটভুক্ত করতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি তোলেন তিনি।

























