হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৮
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গে আক্রান্ত ৭৯৮ শিশুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও ৮ শিশু।
শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭২৮ জন। আর পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৭০ জনের। গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশে হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০।
এদিকে, গত পাঁচ মাসে হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।
মৃত্যুর পরিসংখ্যানও পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৯ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানের কারণে শিশুদের মধ্যে হাম প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার বিষয়টি আবারও সামনে এসেছে।


























