সাত কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন নিয়ে আসছে রোডম্যাপ
নিজস্ব সংবাদ :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের একাধিক শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের (মাইগ্রেশন) বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটিয়ে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খুব শিগগিরই একটি বিস্তারিত ও বাস্তবসম্মত রোডম্যাপ প্রকাশ করা হবে। এতে মাইগ্রেশন প্রক্রিয়ার ধাপ, সম্ভাব্য সময়সূচি এবং শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে স্পষ্ট নির্দেশনা থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পারস্পরিক আস্থা, গঠনমূলক সংলাপ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন সম্ভব বলে তারা মনে করছে।
রোডম্যাপ প্রকাশ এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
এছাড়া পুরো মাইগ্রেশন কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতাও কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।